নিজস্ব প্রতিবেদক:-চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ও বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নকে মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে উল্লেখ করে আসছেন স্থানীয়রা। এসব পথ ব্যবহার করে মাদক দুই উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।
এবার মাদক নির্মূলে স্থানীয় ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন পটিয়া ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
শুক্রবার বিকেলে পটিয়ার কেলিশহর ইউনিয়নের মৌলভীবাজার এলাকার একটি স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান মন্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পটিয়া থানার ওসি জিয়াউল হক ও বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘পটিয়ায় মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।
মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিদিন আমাদের অভিযান চলমান রয়েছে। শুধু কেলিশহর নয়, পুরো পটিয়াজুড়েই আমাদের নজরদারি রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপস চলবে না।’
তিনি বলেন, ‘তরুণ ও যুবসমাজ মাদকের বিরুদ্ধে এগিয়ে এলে পটিয়াকে মাদকমুক্ত করা সম্ভব। এজন্য সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।’
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলাকালে কোনো ধরনের সুপারিশ করা যাবে না। মাদকের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।’
সমাবেশে বক্তারা বলেন, মাদকের কারণে কেলিশহর ও করলডেঙ্গাসহ দুই উপজেলার তরুণ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে অনলাইন জুয়ার আসক্তিও বাড়ছে। এতে অনেকে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়ছেন।
তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।






